খালেদা জিয়া সংবিধান লঙ্ঘন করেছেন: হাসান মাহমুদ

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৫, ১৬:০৮
 
মুক্তিযুদ্ধে নিহতদের সংখ্যা নিয়ে করা বক্তব্যের মাধ্যমে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সংবিধান লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড.হাছান মাহমুদ। বৃহস্পতিবার সকালে রাজধানীর শিল্পকলা একাডেমীতে ‌‘খালেদার বিরূপ মন্তব্য :স্তম্ভিত দেশবাসী’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। 
 
খালেদা জিয়ার উদ্দেশ্যে হাসান মাহমুদ বলেন, অবিলম্বে আপনি এই বক্তব্য প্রত্যাহার করুন। এই বক্তব্য প্রত্যাহার ব্যতিরেকে আপনি ২৬শে মার্চ জাতীয় স্মৃতিসৌধে যাবেন না। আপনি যাওয়ার চেষ্টা করলে জনগণের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে পারেন।
 
বঙ্গবন্ধু ও আওয়ামী লীগকে নিয়ে করা খালেদা জিয়ার মন্তব্যের কড়া সমালোচনা করে সাবেক এ পরিবেশমন্ত্রী বলেন,বেগম জিয়া অত্যন্ত সচেতনভাবে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার প্রয়াসে ষড়যন্ত্রের অংশ হিসেবে এই মন্তব্যগুলো করেছেন।
 
তিনি বলেন, বেগম জিয়া বলেছেন আওয়ামী লীগ নাকি মুক্তিযুদ্ধের দল নয়। আসলে উনার কাছে জামাতে ইসলাম মুক্তিযুদ্ধের দল। কারণ পাকিস্তানিদের কাছে ৭১’র ভূমিকার জন্য জামায়াতের ইসলাম মুক্তিযুদ্ধের দল। তাই সম্ভবত বিএনপি নেত্রীর কাছেও আওয়ামী লীগ নয় বরং জামায়াত মুক্তিযুদ্ধের দল। প্রকৃতপক্ষে আমাদের মহান মুক্তিযুদ্ধকে নিয়ে করা পাকিস্তানের বিরূপ মন্তব্যগুলোকে দৃঢ় করার জন্যই খালেদা জিয়া এই ধরনের মন্তব্য করছেন।
 
আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের জয়ের ব্যাপারে আশা প্রকাশ করে তিনি বলেন, বিএনপির পেট্রোল বোমা ও অগ্নি-সন্ত্রাসের জবাব এবার জনগণ ব্যালটের মাধ্যমেই দেবে। বিএনপি চাইবে নির্বাচনকে কেন্দ্র করে দেশে গন্ডগোল পাকানোর। তাই সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।
 
সংগঠনের সিনিয়র সহ-সভাপতি প্রখ্যাত অভিনেতা এটিএম শামসুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক আখাতারুজ্জামান, বলরাম পোদ্দার, হাসিবুর রহমান মানিক, এমএ করিম প্রমুখ।