ফ্রান্সের রাজধানী প্যারিসে ১৩ নভেম্বরের জঙ্গি হামলায় জড়িত সন্দেহভাজন নবম হামলাকারীকে বেলজিয়ামে গ্রেফতার করেছে ব্রাসেলস পুলিশ। আবদুল্লাহ সি নামক ৩০ বছর বয়সী এই ব্যক্তিকে মঙ্গলবার গ্রেফতার করা হয়। কিন্তু সঙ্গে সঙ্গে খবরটি ঘোষণা করা হয়নি।
কৌঁসুলিরা এক বিবৃতিতে বলেছেন, হামলার পরপরই হামলার হোতা আব্দেলহামিদ আবাউদের কাজিনের সঙ্গে কয়েকবার যোগাযোগ করেছিলেন এই ব্যক্তি। হামলার ঘটনার ৫ দিন পর প্যারিসে একটি ফ্ল্যাটে পুলিশের অভিযানে নিহত হন আবাউদ ও তার কাজিন।
প্যারিসে কয়েকটি বার ও রেস্টুরেন্টে ওই জঙ্গি হামলায় ১২৯ জন নিহত হয়। ৪ শতাধিক মানুষ আহত হয়। ফ্রান্সে এটিই ছিল এযাবত্কালের সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা।
