'সিপিডির মূল্যায়ন সঠিক নয়'

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৫, ১৯:৩২
 
'সিপিডির মূল্যায়ন সঠিক নয়' বলে মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, উনারা যে তথ্যগুলো দিয়েছেন, সেটা সঠিক নয়। স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে বাংলাদেশের স্বার্থই বেশি সংরক্ষিত হয়েছে। বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
 
এর আগে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সম্মেলনে বাংলাদেশের 'অর্জন সামান্য' বলে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) জানায়। সিপিডির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বুধবার এক অনুষ্ঠানে বলেন, 'ডব্লিউটিও সম্মেলনে কিছু সামান্য অর্জন নিয়ে আমরা বের হয়ে এসেছি।'
 
এর সঙ্গে দ্বিমত পোষণ করে দৃষ্টান্ত হিসাবে ওষুধ শিল্প খাতের কথা বলেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, 'স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে ওষুধ উৎপাদনের ক্ষমতা এবং অবকাঠামো একমাত্র বাংলাদেশের রয়েছে। এই খাতে স্বল্পোন্নত দেশগুলোর সরাসরি তেমন কোনো স্বার্থ নেই। তারপরও আমরা সবাইকে বুঝিয়ে এটা করেছি।'
 
নাইরোবিতে ১০ থেকে ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত এবারের ডাব্লিউটিও সম্মেলনে স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) জন্য ২০৩৩ সাল পর্যন্ত ওষুধের মেধাস্বত্বে ছাড় দেওয়ার ঘোষণা দেওয়া হয়। এর ফলে বাংলাদেশ আরও ১৭ বছর মেধাস্বত্বের জন্য কোনো ব্যয় না করেই ওষুধ তৈরি ও কেনা-বেচা করতে পারবে।
 
যে প্রধান চারটি উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ ডাব্লিউটিও সম্মেলনে গিয়েছিল তা অর্জিত হয়েছে দাবি মন্ত্রী বলেন, 'আমাদের এই অর্জন একদিনে হয়নি। জেনেভায় বাংলাদেশের স্থায়ী মিশন অনেক দিন ধরে এটা নিয়ে কাজ করেছে, বাণিজ্য মন্ত্রণালয়ও কাজ করেছে।'
 
মন্ত্রী বলেন, বাংলাদেশের পণ্য এখন অনেক দেশেই শুল্কমুক্তি সুবিধা পাচ্ছে। তবে যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও আর্জেন্টিনার মতো ‘কয়েকটি দেশ’ বাংলাদেশকে এ সুবিধা দেয় না।
 
এর মধ্যে ব্রাজিল ও আর্জেন্টিনায় আমাদের রপ্তানি কম। আমাদের ফ্যাক্টর যুক্তরাষ্ট্র। এরপরও আমরা এ বিষয়ে কাজ করছি। সমঝোতার চেষ্টা অব্যাহত রয়েছে।
 
তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ড ও রানা প্লাজা ধসে সহস্রাধিক শ্রমিকের মৃত্যুর প্রেক্ষাপটে ২০১৩ সালের ২৭ জুন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের অগ্রাধিকারমূলক বাজার সুবিধা বা  জিএসপি সুবিধা স্থগিত করা হয়। তার আগে এর আওতায় বাংলাদেশ পাঁচ হাজার ধরনের পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত সুবিধা পেত।
 
চলতি বছরের মাঝামাঝিতে যুক্তরাষ্ট্রের বাজারে ১২২টি দেশের পণ্যে অগ্রাধিকারমূলক বাজার-সুবিধা (জিএসপি) নবায়ন করা হলেও সেই তালিকায় আসেনি বাংলাদেশ।
 
অন্যদের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, অতিরিক্ত সচিব (মহাপরিচালক, ডব্লিউটিও সেল) অমিতাভ চক্রবর্তী, এফবিসিসিআই'র সভাপতি আবদুল মতলুব আহমাদ, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, ওষুধ শিল্প সমিতির মহাসচিব আব্দুল মুকতাদির মন্ত্রীর ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।