নানী হলেন চিত্রনায়িকা চম্পা। গত ২৫ অক্টোবর সিঙ্গাপুরের একটি হাসপাতালে তার মেয়ে ঈশার কোলে আসে জমজ দু’জন নতুন অতিথি। মা ও সন্তানরা সবাই এখন ভালো আছে বলে জানান চম্পা। প্রথমবারের মতো নাতি হয়ে খুবই উত্ফুল্ল তিনি। চম্পা বলেন, ‘পৃথিবীর শ্রেষ্ঠ অনুভূতি আমি পেয়েছি। সৃষ্টিকর্তার কাছে অনেক কৃতজ্ঞ। আমার মেয়ে ও নাতিরা সবাই ভালো আছে। নাম রাখা হয়েছে আরজান ও আরিশ। নাতিদের নিয়েই এখন আমার সব ব্যস্ততা। আনন্দে সবকিছু গুলিয়েও ফেলছি। তাদের জন্য সবার কাছে দোয়া চাই।’
মাঝে অনেকদিন কাজের বিরতিতে ছিলেন চম্পা। শিগগিরই আবারও কাজ শুরু করবেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এতোদিন মেয়েকে নিয়ে ব্যস্ত ছিলাম। গত চার মাস সিঙ্গাপুর টু বাংলাদেশ যাওয়া আসার মধ্যেই ছিলাম। তবে কয়েকদিনের মধ্যেই আবারও কাজ শরু করে দেবো।’
নিজের নাতি হওয়ার আনন্দের পাশাপাশি গতকাল ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে চম্পা বলেন, ‘ইত্তেফাক আমার পরিবারের একজন। ছোটবেলা থেকেই আমার ঘরে ইত্তেফাক দেখছি। এখনও দেখি। বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের ক্ষেত্রে ইত্তেফাককে সব সময়ের জন্য অভিনন্দন। দেশের চলচ্চিত্র নিয়েও ইত্তেফাক বিগত সময়ের মতো এখনও ইতিবাচক ভূমিকা বজায় রাখছে।’
