বেশ কিছুদিন আগে থেকেই পরিকল্পনা ছিল স্ব-পরিবারে পনের দিনের জন্য অস্ট্রেলিয়া ভ্রমণে যাবেন মীম। সেই জন্য ডিসেম্বরের প্রথম দিকে ভিসার জন্য আবেদন করেন অস্ট্রেলিয়া দূতাবাসে। আর এই জন্যই চলতি মাসের মাঝামাঝি থেকে জানুয়ারির অর্ধেক পর্যন্ত সকল ধরনের শুটিং থেকে নিজেকে গুটিয়ে নেন। এই সময়ে তার কোনো সিডিউল দেওয়া নেই।
কিন্তু ভিসা আবেদনের ১৫ দিনের বেশি পার হয়ে গেলেও অস্ট্রেলিয়া দূতাবাস থেকে কোনো সাড়া পাননি মীম। যে কারণে অনেকটা অলস সময় পার করতে হচ্ছে মীমকে। এই বিষয়ে মীম বলেন, ‘স্ব-পরিবারে অস্ট্রেলিয়া বেড়াতে যাওয়ার পরিকল্পনাটা অনেকদিনের, আর সেই চিন্তা থেকেই ডিসেম্বর-জানুয়ারি মিলিয়ে প্রায় মাস খানেক সময়ের জন্য কোনো সিডিউল রাখিনি। আশা করছিলাম বড়দিন ও থার্টিফার্স্ট নাইট অস্ট্রেলিয়াতে উদযাপন করবো। কিন্তু অস্ট্রেলিয়া দূতাবাস থেকে আজ পর্যন্ত কোনো সাড়া পাইনি। যে কারণে অনেটা দুশ্চিন্তার মধ্যে রয়েছি। অবিলম্বে ভিসা না পেলে অলস দিন পার করতে হবে। তবে আমি এখনও আশাবাদী যে শিগগিরই ভিসাটা হয়ে যাবে।’
