বিএনপি ও জাতীয় পার্টির পর এবার ক্ষমতাসীন আওয়ামী লীগও সমালোচনামুখর হওয়ায় একে নিজেদের নিরপেক্ষতার প্রমাণ হিসেবে দেখছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, ‘আমরা অ্যাকশন নিচ্ছি। সবার কিছু যখন অসুবিধা হচ্ছে, বুঝতেই হবে সবার প্রতি আমরা অ্যাকশন নিচ্ছি। আমাদের নিউট্রাল অবস্থা আরো স্পষ্ট হচ্ছে।’
বৃহস্পতিবার আওয়ামী লীগের প্রতিনিধি দল দেখা করে বিএনপিকে বাড়তি সুবিধা দেয়া হচ্ছে বলে অভিযোগ জানিয়ে আসার পর তিনি সাংবাদিকদের একথা বলেন।
ইসিকে নিয়ে বিরোধী দলের ক্রমাগত সমালোচনার মধ্যে বৃহস্পতিবার ক্ষমতাসীন দলের একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে দেখা করতে যায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফের নেতৃত্বে। সিইসির সঙ্গে দেখা করে বেরিয়ে হানিফ সাংবাদিকদের বলেন, ‘নির্বাচন কমিশন বিএনপির প্রতি অতি সদয় হয়ে আমাদের ওপর নির্দয় আচরণ করছে।’
পরে সিইসি সাংবাদিকদের বলেন, ‘আমরা নিরপেক্ষ নির্বাচন চাই। কারও চেহারা দেখে বা কারও প্রতি সদয় বা কারও প্রতি নির্দয়ের প্রশ্ন আসছে না। সবাইকে সাংবিধানিক অধিকার দেয়ার চেষ্টা করছি।’
