দেশে ন্যায় বিচারের দ্বার উন্মোচিত হয়েছে: আইনমন্ত্রী

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৫, ১৮:২১
 
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বর্তমানে দেশে বিচারহীনতার সংস্কৃতিকে চির বিদায় করে ন্যায় বিচারের দ্বার উন্মোচন করা হয়েছে। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ সংলগ্ন প্রাঙ্গণে ‘বাংলাদেশ আইন সমিতির ৩০তম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
ইতিহাস বিকৃত করার চেষ্টাকারীদের বিরুদ্ধে সবাইকে আরো সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে আনিসুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জাতির পিতা বঙ্গবন্ধু হত্যা মামলা, জেল হত্যা মামলা এবং মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছে ।
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আরেফিন সিদ্দিক বলেন, মহান মুক্তিযুদ্ধের ৪৪ বছর পর বাংলাদেশের স্বাধীনতা নিয়ে বিরোধিতা করার কারণে পাকিস্তানের সাথে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষা বিষয়ক সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছে।
 
আইন সমিতির সভাপতি এ কে এম আফজাল উল মুনীরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলন উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ।
 
বক্তব্য রাখেন, আইন সমিতির সদস্য বিচারপতি জাহাঙ্গীর হোসেন, সাবেক সভাপতি গোলাম মাহবুব. এডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাউছার, ড. মো. সাজাহাজান সাজু ও সমিতির সাধারণ সম্পাদক মো. আবু হানিফ প্রমুখ।-বাসস।