নারীর প্রতি বৈষম্য বিলোপে একযোগে কাজ করুন: স্পিকার

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৫, ১৮:৫৩
 
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নারী নেতৃত্বের বিকাশ ও নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপে সবাইকে একযোগে কাজ করার আহবান জানিয়েছেন। শুক্রবার ঢাকায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বাংলাদেশ মহিলা জজ এসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ আহবান জানান।
 
বাংলাদেশ মহিলা জজ এসোসিয়েশনের সভাপতি তানজীনা ইসমাইলের সভাপতিত্বে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এবং বাংলাদেশ মহিলা জজ এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুন আরা সুলতানা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বাংলাদেশ মহিলা জজ এসোসিয়েশনের মহাসচিব উম্মে কুলসুম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন
 
স্পিকার বলেন, দেশের বিভিন্ন সেক্টরে আজ নারীর অবস্থান অত্যন্ত শক্তিশালী। প্রায় প্রতিটি  পেশায় নারীদের উপস্থিতি নারী ক্ষমতায়নেরই স্বাক্ষর বহন করে। এ ধারা অব্যাহত রেখে একটি শোষণহীন, বৈষম্যহীন সমাজ বিনির্মাণে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।