ফেনী প্রেসক্লাবে সিলগালা

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৫, ২২:০৪
ফেনী প্রেস ক্লাবে সাংবাদিকদের দুই গ্রুপের মুখোমুখি অবস্থানের কারনে প্রেসক্লাব কার্যালয় সিলগালা করে দিয়েছে জেলা প্রশাসন। শুক্রবার সন্ধ্যায় ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট  মুনিরা হক সিলগালা করেন।
 
এসময় সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোঃ আমিরুল ইসলাম, ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুব মোর্শেদ, গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
 
ফেনীতে কর্মরত সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন থেকে ফেনী প্রেস ক্লাবের সাংবাদিকদের মাঝে নুরুল করিম মজুমদার-জমির উদ্দিন বেগ ও রফিকুল ইসলাম-শেখ ফরিদ উদ্দিন আক্তারের নেতৃত্বে দুটি দল এবং বিভক্তি দেখা যাচ্ছে।
 
কিছুদিন ধরে দুটি পক্ষ কমিটি-পাল্টা কমিটি, পরস্পর বিরোধী জিডি ও উকিল নোটিশ প্রদান করে আসছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
গত ১২ ডিসেম্বর রফিকুল ইসলামকে সভাপতি ও শেখ ফরিদ উদ্দিন আক্তারকে সাধারণ সম্পাদক করে একটি নতুন কমিটি ঘোষণা করা হয়। অন্যদিকে ২৫ ডিসেম্বর ফেনী প্রেস ক্লাব নির্বাচনে সভাপতি পদ ছাড়া সাধারণ সম্পাদকসহ বাকী ১১ পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। এরপর দুই পক্ষই জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
 
শুক্রবার দুপুরে ফেনী প্রেসক্লাবে সভাপতি পদে ভোট গ্রহণের পূর্ব মুহূর্তে দুপুর দেড়টার দিকে বিপুল পরিমাণ সংবাদকর্মী নিয়ে প্রেস ক্লাবে অবস্থান নেয় রফিকুল ইসলাম-শেখ ফরিদ উদ্দিন আক্তারের কমিটির সদস্যরা। পরবর্তীতে বিকেল সাড়ে ৩টার দিকে নুরুল করিম মজুমদার-জমির উদ্দিন বেগ গ্রুপের সদস্যরা প্রেস ক্লাবে প্রবেশ করতে চাইলে রফিক-ফরিদ গ্রুপের সদস্যদের বাঁধার মুখে পড়েন। এসময় উভয় পক্ষের মধ্যে বাক-বিতণ্ডা ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
 
খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (সার্কেল) আমিরুল ইসলাম ও ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুব মোর্শেদ, গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বিপুল সংখ্যক পুলিশ সদস্য নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন।
 
পরে জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মনিরা হক ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়ে প্রধান ফটকসহ সব দরজা সিলগালা করে দেন।
 
ফেনী জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মনিরা হক সিলগালা করার বিষয়টি নিশ্চিত করে বলেন, পরবর্তীতে জেলা প্রশাসক উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সুরাহা করবেন।