রাষ্ট্রপতি আবদুল হামিদ শনিবার দুপুরে সিলেট সফরে যাচ্ছেন। এটাই রাষ্ট্রপতির প্রথম সিলেট সফর।
শনিবার দুপুর সাড়ে ১২টায় হেলিকপ্টারযোগে তিনি সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছাবেন বলে জানা গেছে।
বিমানবন্দর থেকে সিলেট ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠানে যাবেন তিনি। শাহজালাল (র.) এবং শাহপরান (র.) এর মাজার জিয়ারত করবেন। পরে বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকায় ফিরবেন।
সিলেট প্রশাসন সূত্র এ তথ্য নিশ্চিত করে।
এদিকে, রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে সিলেটে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। অনুষ্ঠানস্থল ছাড়াও সিলেট মহানগরীতে নিরাপত্তা রাখা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদারে মহানগরীর বাইরে থেকে অতিরিক্ত পুলিশ সদস্যদের আনা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার কামরুল ইসলাম নিরাপত্তার বিষয়টি জানিয়েছেন।
