জয়পুরহাটে তিনটি পৌরসভায় ২৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৫, ১১:১৪
জেলায় তিনটি পৌরসভা নির্বাচনে ৩৮টি কেন্দ্রের মধ্যে ২৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ন হিসাবে চিহ্নিত করা হয়েছে। পৌরসভাগুলো হচ্ছে জয়পুরহাট সদর, কালাই ও আক্কেলপুর। জেলা নির্বাচন কর্মকর্তা মোশারফ হোসেন পুলিশের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত করেন। 
 
জয়পুরহাট পৌরসভার ২০টি কেন্দ্রের মধ্যে সবুজ নগর এলাকার শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জয়পুরহাট সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় ও জয়পুরহাট সরকারি শিশু সদন ছাড়া অবশিষ্ট ১৭টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে।
 
এ ছাড়া কালাই পৌরসভার ৯টি কেন্দ্রের মধ্যে থুপসাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালাই বালিকা উচ্চ বিদ্যালয়, কালাই ডিগ্রি কলেজ ও আঁওড়া উচ্চ বিদ্যালয় ছাড়া অবশিষ্ট ৫টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ।
 
অন্যদিকে আক্কেলপুর পৌরসভার ৯টি কেন্দ্রের মধ্যে রাজকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাস্তাবসন্তপুর শাহ মখদুম (র.) সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সোনামুখি উচ্চ বিদ্যালয় কেন্দ্র ছাড়া অবশিষ্ট ৬টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ।
 
এ ব্যাপারে জয়পুরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রির্টানিং কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, 'সুষ্ঠুভাবে ভোট গ্রহণের সব ব্যবস্থা নেয়া হবে।' পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম জানান, 'যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্কতায় থাকবে পুলিশ বাহিনী।'