সেতু থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করতে চাওয়া এক যুবককে ফিরিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান। ‘পারিবারিক কারণে হতাশাচ্ছন্ন’ ওই যুবক ইস্তাম্বুলের বসফরাস সেতু থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করতে চেয়েছিল।
ইস্তাম্বুলের দুই অংশ সংযোগকারী বসফরাস সেতু এশিয়া ও ইউরোপের সংযোগস্থল। টেলিভিশন ফুটেজে দেখা যায়, এরদোগানের গাড়িবহর ওই সেতু অতিক্রম করার সময় প্রেসিডেন্টের নিরাপত্তারক্ষীরা ‘কান্নারত’ ওই যুবককে নিবৃত্ত করার চেষ্টা চালায়।
কিছুক্ষণ পর যুবকটি উঠে এলে তাকে প্রেসিডেন্টের কাছে নিয়ে যাওয়া হয়। কানে মোবাইল ফোন ধরা এরদোগান গাড়িতে বসেই যুবকের সঙ্গে কথা বলেন। এ সময় এরদোগান ‘আত্মহত্যা করতে চাওয়া’ যুবককে সাহায্য করার প্রতিশ্রুতি দেন বলে প্রেসিডেন্ট দপ্তরের এক কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন।
অবশ্য প্রেসিডেন্টের গাড়িবহর ওই সেতুতে আসার অন্তত দুই ঘণ্টা আগে থেকে স্থানীয় পুলিশ যুবককে সরিয়ে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছিল বলে তুরস্কের দোগান নিউজ এজেন্সি জানিয়েছে। বিবিসি ও ডেইলি মেইল।
