৭২ এর সংবিধান মেনে আসলে জাতীয় ঐক্য হবে: খালেদাকে সুরঞ্জিত

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৫, ১৭:০৯
 
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘বেগম খালেদা জিয়া, আপনি ও আপনার দলের নেতারা বারবার জাতীয় ঐক্যের কথা বলেন। আপনি ৭২-এর সংবিধান মেনে আসুন। তাহলেই আপনার সঙ্গে জাতীয় ঐক্য হবে।’
 
মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে খালেদা জিয়ার বিতর্কিত বক্তব্যের মধ্যে শনিবার রাজধানীর পল্টনে মুক্তি ভবনে এক আলোচনা সভায় একথা বলেন ক্ষমতাসীন দলের উপদেষ্টা পরিষদের এই সদস্য। সুরঞ্জিত বলেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই, ৭২-এর সংবিধানে যা লেখা আছে, তা থেকে এক চুলও কম মানলে ঐক্য হবে না। আপনাকে বাংলাদেশের স্বাধীনতা মানতে হবে, জাতির জনক বঙ্গবন্ধুকে মানতে হবে, সাথে সাথে জঙ্গিদের সঙ্গ ত্যাগ করতে হবে।’
 

তিনি বলেন, ‘মিরপুরে জঙ্গি আস্তানা গড়বেন, রাজশাহীতে আহমদিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলা করবেন, আবার বলবেন ‘নির্বাচন অগণতান্ত্রিক’, এটা হতে পারে না। হয় গণতন্ত্র মানবেন, নয় আপনার জঙ্গিতন্ত্র, যে কোনো একটা মানবেন।’