নোয়াখালীতে চুরির অভিযোগে কিশোরকে পিটিয়ে হত্যা

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৫, ১৮:৪৫
 
নোয়াখালীর কবিরহাট থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ, যাকে বাইসাইকেল চুরির অভিযোগ তুলে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি পরিবারের। শনিবার সকালে উপজেলার চন্দ্রশুদ্দি গ্রামের জামতলা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
 
নিহত আবু তাহের শাকিল (১৫) ওই গ্রামের মৃত আবুল হাশেমের ছেলে।স্থানীয় একটি গ্রিল ওয়ার্কশপে শ্রমিক হিসেবে কাজ করতো সে। লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে জানান ওসি।
 
নিহতের বড় ভাই আবুল কাশেম বলেন, শুক্রবার সন্ধ্যায় শাকিল ভূঁইয়ারহাট বাজারে জাফর উল্লার সাইকেল ওয়ার্কশপে সাইকেল মেরামত করতে যায়। তখন অজ্ঞাত পরিচয় কয়েকজন সাইকেল চুরির অভিযোগ তুলে তাকে ধরে নিয়ে যায়। এরপর থেকে নিখোঁজ ছিল সে। সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে।
 
ওসি মোক্তার বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে সাইকেল ওয়ার্কশপের মালিক জাফর উল্লা ও তার ছেলে মোশারেফ হোসেন রিকনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। শাকিলের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মারধর করে তাকে হত্যার করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় শাকিলের আরেক ভাই আবু নাছের বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।