স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, কাউকে পেছনে রেখে সমাজের সামগ্রিক উন্নয়ন সম্ভব না। তাই যে সব নারী অর্থনৈতিক ও সামাজিকভাবে বিভিন্ন প্রতিবন্ধকতার শিকার তাদের প্রতিবন্ধকতা দূর করতে সকলকে একযোগে কাজ করতে হবে।
রাজধানীর ভিকারুন্নিসা নূন স্কুল সংলগ্ন মাঠে ভিকারুন্নিসা এলামনাই এসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বোর্ডের চেয়ারম্যান রাশেদ খান মেনন এবং ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল সুফিয়া খাতুন বক্তব্য রাখেন। ভিকারুন্নিসা এলামনাই এসোসিয়েশনের সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক বুশরা হাসিনা চৌধুরী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে স্পিকার বলেন, কাউকে পেছনে রেখে সমাজের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তাই যে সব নারীরা অর্থনৈতিক ও সামাজিকভাবে বিভিন্ন প্রতিবন্ধকতার শিকার তাদের প্রতিবন্ধকতা দূর করতে সকলকে একযোগে কাজ করতে হবে। নারীরা উচ্চশিক্ষা গ্রহণ এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলেই নারীর ক্ষমতায়ন ও জেন্ডার সমতা নিশ্চিতকরণ সম্ভব। তাই নারী শিক্ষা প্রসারে সকলকে এগিয়ে আসতে হবে।
স্পিকার বলেন, শুধুমাত্র সার্টিফিকেট পাওয়া বা জিপিএ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য হতে পারে না। প্রতিটি শিক্ষিত ব্যক্তিকে সশিক্ষিত হতে হবে। বুদ্ধিবৃত্তিক সততা নিশ্চিত করতে হবে। আজকে যারা শিশু ও যুবক তাদেরকেই আগামী দিনে দেশের নেতৃত্ব দিতে হবে। নিজেদের এখন থেকেই গড়ে তুলতে হবে।
