'মধ্যস্বত্বভোগীর হস্তক্ষেপ বন্ধে, ডিজিটাল পদ্ধতিতে খাদ্য সংগ্রহ'

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৫, ২২:০৪
 
মধ্যস্বত্বভোগীর হস্তক্ষেপ বন্ধে সরকার ডিজিটাল পদ্ধতিতে খাদ্য সামগ্রী সংগ্রহ করার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ধান-চাল ক্রয়ে কৃষকদের নির্ধারিত মূল্য প্রাপ্তি নিশ্চিত করতেই এই পদ্ধতির সংযোজন করা হচ্ছে বলে জানান তিনি।
 
প্রতিমন্ত্রী জানান, বিশ্বব্যাংকের অর্থায়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্নেন্স (এলআইসিটি) প্রকল্প খাদ্য অধিদফতরের খাদ্য সংগ্রহ পদ্ধতির ডিজিটাইজেশন করার লক্ষ্যে যুক্তরাজ্যভিত্তিক আর্নস্ট অ্যান্ড ইয়ংকে নিয়োগ দিয়েছে।
 
তিনি বলেন, আর্নস্ট অ্যান্ড ইয়ং ইতোমধ্যে কাজ শুরু করেছে এবং আগামী ছয় মাসের মধ্যে খাদ্য অধিদফতরের খাদ্য সংগ্রহ পদ্ধতির ডিজিটাইজেশনের একটি সফটওয়্যার চালিত অ্যাপ্লিকেশন তৈরি করবে। এ অ্যাপ্লিকেশনটিতে কৃষকের অনলাইন রেজিস্ট্রেশন, তাদের উৎপাদিত ধানের পরিমাণের তথ্য এবং কৃষককে অনলাইনে এবং ক্ষুদে বার্তার মাধ্যমে ধান ক্রয়ের তথ্য জানানোর বিধানসহ আরও কিছু ব্যবস্থা যুক্ত থাকছে।