খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগ

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৫, ১৩:১১
মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি ও বিতর্কিত মন্তব্য করায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকার একটি আদালতে অভিযোগ করা হয়েছে। ‘রাষ্ট্রের বিরুদ্ধে কুৎসা রটানোর’ অভিযোগ এনে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট মশিউর মালেক অভিযোগটি করেন।
 
রবিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই অভিযোগ দায়ের করেন তিনি। 
 
মহানগর হাকিম আশিকুর রহমান তার আর্জি শুনে দুপুরে নথি পর্যালোচনার জন্য সময় রেখেছেন।
 
মশিউর বলেন, ‘রাষ্ট্র ও রাষ্ট্রভিত্তির বিরুদ্ধে কুৎসা রটানোর অভিযোগে দণ্ডবিধির ১২৩ এর ক ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।
 
চলতি মাসের ২১ ডিসেম্বর রাজধানীতে একটি আলোচনা সভায় খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করে বলেছেন, ‘আজকে বলা হয় এত লক্ষ লোক শহীদ হয়েছেন। এটা নিয়েও অনেক বিতর্ক আছে যে আসলে কত লক্ষ লোক মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। নানা বই-কিতাবে নানা রকম তথ্য আছে।’