নববর্ষে সন্ত্রাসী হামলার শঙ্কায় সতর্কাবস্থায় ইউরোপ

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৫, ১৪:৪৬
নববর্ষ উদযাপনের সময়ে সন্ত্রাসী হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কাবস্থায় ইউরোপিয় দেশগুলোর রাজধানী। ভিয়েনা পুলিশের বরাত দিয়ে এই কথা জানিয়েছে রয়টার্স।
 
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার পুলিশ গত শনিবার প্রকাশিত এক বিবৃতিতে জানায়, একটি বন্ধুভাবাপন্ন গোয়েন্দা সংস্থা নববর্ষের আগে ভিয়েনায় গোলাগুলি ও বোমা হামলার বিষয়ে সতর্ক করেছে। আর এরই জের ধরে পুরো ইউরোপজুড়ে নিরাপত্তা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। ওই ‘বন্ধুভাবাপন্ন’ গোয়েন্দা সংস্থা ভিয়েনা পুলিশকে বেশ কয়েকজন সন্দেহভাজনের নাম দিয়েছিল। সঠিক প্রক্রিয়া অনুযায়ী সেই নামগুলো যাচাই বাছাই করে এখনো তেমন কোনো সম্ভাব্য হামলার প্রমাণ পায়নি বলে জানিয়েছে। 
 
তারপরেও জনসাধারণকে সতর্ক থাকতে বলা হয়েছে। সন্দেহজনক কোনো বস্তু দেখলে তৎক্ষণাৎ পুলিশকে জানাতে অনুরোধ করা হয়েছে। জনগণের সমাবেশ স্থলে নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং খুব কড়াকড়িভাবে পরিচয়পত্র যাচাই বাছাই করা হচ্ছে। 
 
এদিকে অস্ট্রিয়ার প্রতিবেশী জার্মান কর্তৃপক্ষ এই বিষয়ে নিরাপত্তাজনিত কারণে কোনো মন্তব্য করতে চায়নি। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, জার্মান এখনো জিহাদি জঙ্গিবাদের নিশানায় রয়েছে। জার্মানি বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করে এবং মানিয়ে নিতে চেষ্টা করছে। রয়টার্স।