‘খুৎবায় জঙ্গিবাদবিরোধী বক্তব্য তুলে ধরুন’

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৫, ১৫:৫০
 
দেশের আলেম-ওলামাদের প্রতি আহবান জানিয়ে আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড.হাছান মাহমুদ বলেছেন, আপনারা দয়া করে শুক্রবারের খুৎবায় জঙ্গিবাদের বিরুদ্ধে মুসল্লিদের কাছে বক্তব্য তুলে ধরুন। পাশাপাশি যারা আমাদের মহান মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধেও দেশের জনগণকে সচেতন করে তুলুন।
 
রবিবার সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি আয়োজিত ‘ইসলামের নামে মানুষ হত্যা ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিবাদ’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
হাসান মাহমুদ বলেন, ইসলাম শান্তির ধর্ম। যারা ইসলামের নামে মানুষ হত্যা করছে তারা প্রকৃতপক্ষে ইসলামের গায়ে কালিমা লেপন করতে চাইছে। এরা মানবতার শত্রু, ইসলামের শত্রু।
 
তিনি অভিযোগ করেন, আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে এসব ঘটনা ঘটানো হচ্ছে। আর এই আন্তর্জাতিক চক্রের ক্রীড়ানক হিসেবে দেশের একটি গোষ্ঠী কাজ করছে, যাদের পৃষ্ঠপোষকতা করছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। তিনি যুদ্ধাপরাধীদের সাথে জোট করেছেন, যে জোটে আছে আফগান ফেরত ট্রেনিংপ্রাপ্ত জঙ্গি।
 
বিএনপি চেয়ারপারসনের সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, ৭১-এ বাংলাদেশে গণহত্যা হয়নি-পাকিস্তানের এমন বক্তব্যকে প্রতিষ্ঠিত করার জন্যই তিনি (খালেদা জিয়া) মুক্তিযুদ্ধে নিহতদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলছেন।
 
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়ের বুদ্ধিজীবীদের নিয়ে করা মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, গয়েশ্বর সাহেব যুদ্ধাপরাধীদের দায় থেকে মুক্ত করার জন্যই সজ্ঞানে এই কথা বলেছেন।
 
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। আয়োজক সংগঠনের চেয়ারম্যান মাওলানা ইসমাইল হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ইউনাইটেড ইসলামী পার্টির মহাসচিব মাওলানা খলিলুর রহমান, আওয়ামী লীগ নেতা এমএ করিমসহ সংগঠনটির নেতৃবৃন্দ।