দক্ষিণ আমেরিকার বেশ কয়েকটি দেশ ভয়াবহ বন্যার মুখে পড়েছে। প্যারাগুয়ে, আর্জেন্টিনা, ব্রাজিল ও উরুগুয়েতে এরই মধ্যে প্রায় দেড় লাখ মানুষ নিরাপদ আশ্রয়ের আশায় ঘরবাড়ি ছেড়েছেন। বলা হচ্ছে গত পঞ্চাশ বছরের মধ্যে মহাদেশটিতে এটিই সবচেয়ে ভয়াবহ বন্যার ঘটনা।
এল নিনোর (সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি) প্রভাবে বেশ কয়েক দিন থেকে ভারী বর্ষণ হচ্ছে দেশগুলোতে। এতে বেশ কয়েকটি নদীর পানি বৃদ্ধি পেয়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। বন্যার ফলে এখন পর্যন্ত ছয় জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
IMG0
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্যারাগুয়ে। শুধুমাত্র সেখানেই এক লাখ ত্রিশ হাজারের বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। আর উত্তর আর্জেন্টিনা থেকে প্রায় ২০ হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের সন্ধানে এলাকা ছেড়েছেন।
আগামী কয়েক দিনে ব্রাজিল-উরুগুয়ের সীমান্ত এলাকায় শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দেয়া হচ্ছে। অপরদিকে প্যারাগুয়ে ও আর্জেন্টিনায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। সূত্র: বিবিসি
