পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সাথে ভুটানের সফররত সংসদীয় প্রতিনিধিদল মতবিনিময় সভা করেছে। রবিবার সংসদ ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি মোহাম্মদ হাছান মাহমুদের সভাপতিত্বে মতবিনিময় সভায় কমিটি সদস্য নবী নেওয়াজ, টিপু সুলতান এবং মেরিনা রহমান উপস্থিত ছিলেন।
ভুটানের ন্যাশনাল কাউন্সিলের চেয়ারপারর্সন ড. সোনাম কিনগার নেতৃত্বে ১১ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল এ মত বিনিময় সভায় অংশ নেন।
সাক্ষাৎকালে প্রতিনিধিদল থেকে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘ কর্তৃক ‘চ্যাম্পিয়ান অব দ্যা আর্থ’ পুরস্কার অর্জনে বাংলাদেশের সাথে ভুটানও গর্ববোধ করে।
কমিটি ভুটানের প্রতিনিধিদের বাংলাদেশের জাতীয় সংসদের সংসদীয় কমিটির ক্ষমতা, কার্যক্রম ও বিভিন্ন ধরনের কমিটি এবং সংসদ পরিচালনার বিভিন্ন বিষয় সম্পর্কে ধারনা দেয়া হয়।
সভায় ভুটানের প্রতিনিধিদল সংসদীয় কমিটির সাথে মন্ত্রণালয়ের সমন্বয়ের মাধ্যমে সিদ্ধান্ত বাস্তবায়ন কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে। বিভিন্ন কর্মকাণ্ডে ভুটান বাংলাদেশের যৌথ অংশিদারিত্বে অংশ গ্রহণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে।
পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
