অভিনয়ের সবগুলো মাধ্যমে সফল পদচারণা অভিনেতা কাজী উজ্জ্বলের। চলতি সময়েও চলচ্চিত্র, নাটক ও মঞ্চে চলছে তার ব্যস্ততা। সম্প্রতি ‘ঢাকা অ্যাটাক’ শিরোনামে নতুন একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হন তিনি। এরইমাঝে আরও বেশ কয়েকটি চলচ্চিত্রে দেখা গেছে তাকে।
নিয়মিত চলচ্চিত্রে অভিনয় করা এই অভিনেতা এখনকার চলচ্চিত্র প্রসঙ্গে বলেন, ‘আমাদের চলচ্চিত্র একটি সম্ভাবনার দিকে যাচ্ছে। আজ থেকে পাঁচ বছর পর আমাদের চলচ্চিত্র কান পুরস্কার পাওয়ার মতো যোগ্যতা অর্জন করবে সেই আশা আমি রাখি। কারণ এখন অনেক নতুন নির্মাতা আসছেন যারা ভালো কাজ করছেন। যদিও অনেকের নির্মাণ ও গল্প ভাবনায় সমস্যা থাকছে। কিন্তু তারাই কিছুদিন পর ভালো কিছু তৈরি করবে।’
দীর্ঘদিন অরণ্যক নাট্যদলের সাথে জড়িত তিনি। আমাদের মঞ্চের জায়গাটা এখন অনেকটাই শিথিল। পৃষ্ঠপোষকতা নিয়ে কথা হচ্ছে অনেকদিন ধরেই। কিন্তু সেভাবে কোনো খবর এখনও মিলেনি। এ প্রসঙ্গে কাজী উজ্জ্বল বলেন, ‘নব্বই দশক পর্যন্ত আমাদের মঞ্চের অবস্থা অনেক ভালো ছিল। এখনও ওপার বাংলার চেয়ে আমাদের মঞ্চনাটক অনেক উন্নত। কিন্তু একটি নতুন ছেলে মঞ্চে আসার পাঁচ বছর পর যখন সে উপার্জনের অভাববোধ করবে তখন সে আর মঞ্চে থাকবে না। যারা থাকছে তারা কিন্তু সেভাবে পরিশ্রম করে থাকতে পারছে না। তাই এক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতা জরুরি।
