অস্ট্রেলিয়ায় এসিডবাহী ট্রেন লাইনচ্যুত

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৫, ১৪:৫১
অস্ট্রেলিয়ায় সালফিউরিক এসিড বোঝাই ২৬ কন্টেইনারের একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। বিবিসি জানিয়েছে, কন্টেইনারগুলোতে প্রায় ২ লাখ লিটার এসিড ছিল।
 
রোববার স্থানীয় সময় সকাল ১০.২০ মিনিটে উত্তর-পশ্চিম কুইন্সল্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। ট্রেনটির তিনজন কর্মীকে হাসপাতালে পাঠানো হয়েছে। তারা সামান্য আহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই ওই স্থানে জরুরি অবস্থা জারি এবং ২ কিলোমিটার এলাকায় সাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
 
কুইন্সল্যান্ডের পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর এসিড ছড়িয়ে পড়ছে কিনা তা এখনো নিশ্চিত নন তারা। অঞ্চলটি প্রবল বর্ষণের কারণে বন্যাক্রান্ত হওয়ায় সেখানে যাতায়াত কঠিন হয়ে পড়েছে।এখনো পর্যন্ত দুর্ঘটনার কারণ জানা সম্ভব হয়নি। সালফিউরিক এসিড অত্যন্ত ক্ষয়কারী। এটির সংস্পর্শে এলে পুড়ে যাওয়ার ঝুঁকি সৃষ্টি হয় এটি সার কারখানায় অতি প্রয়োজনীয় একটি উপাদান। এছাড়াও ডিটারজেন্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের রং, ঔষধপত্র, কীটনাশকসহ  কাগজ, বিস্ফোরক ও রেয়ন তৈরিতে প্রচুর সালফিউরিক এসিড ব্যবহৃত হয়। বিবিসি।