বিএনপির প্রার্থীদের সরে দাঁড়াতে বাধ্য করা হচ্ছে: ফখরুল

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৫, ১৫:১২
 
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, নির্বাচনী পৌর এলাকাগুলোতে ত্রাস সৃষ্টি করে দলীয় মেয়র প্রার্থীদের ভোট থেকে সরে দাঁড়াতে বাধ্য করা হচ্ছে।
 
সোমবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী কৃষক দলের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেন।
 
মির্জা ফখরুল বলেন, আজ প্রতিটি পৌরসভায় ত্রাস-সন্ত্রাসের এমন একটা অবস্থা সৃষ্টি করেছে যে, বহু জায়গা থেকে আমাদের মেয়রপ্রার্থীরা জীবনের ভয়ে নির্বাচন ছেড়ে দিয়েছে।
 
বিএনপির কয়েক নেতাকে হত্যা ও হুমকির অভিযোগ করে তিনি বলেন, সারাদেশে পৌর নির্বাচনকে কেন্দ্র করে সরকার সমর্থকরা বিএনপির প্রার্থীর ওপর হামলা করছে। প্রায় ৬ হাজারের বেশি নেতাকর্মীকে আটক করা হয়েছে।
 
বিএনপির এই নেতা বলেন, বর্তমান সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা উন্নয়নের নামে লুটপাট করছে, রাষ্ট্রীয় তহবিল ফাঁকা করছে। দেশের জনগণ শ্বাসরুদ্ধকর অবস্থায় রয়েছে।