চারু কলায় জয়নুল উৎসব

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৫, ১৭:০৮
দেশের আধুনিক শিল্পকলার পথিকৃৎ এবং চারুকলা অনুষদের প্রতিষ্ঠাতা শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০২তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজন করা হয়েছে ‘জয়নুল উৎসব ২০১৫’।
 
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় চারুকলা অনুষদ প্রাঙ্গণে এর উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এবং শিল্পাচার্যের সহধর্মিণী মিসেস জাহানারা আবেদিন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিশিষ্ট শিল্পী অধ্যাপক সমরজিৎ রায় চৌধুরী।
 
চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিশার হোসেন জানান, সকাল ৯টায় শিল্পাচার্যের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হবে দিনের কার্যসূচি। এর আধ ঘণ্টা পর বাজবে উদ্বোধন-সংগীত। সকাল ৯টা ৪৫ মিনিটে শিল্প ইতিহাসের অধ্যাপক আব্দুল মতিন সরকার ও শিল্প ইতিহাসের অধ্যাপক বুলবন ওসমানকে দেওয়া হবে জয়নুল-সম্মাননা। সকাল ১০টায় বিশেষ অতিথির ভাষণ রাখবেন সমরজিৎ রায় চৌধুরী। তারপর রয়েছে উপাচার্যের ভাষণ।
 
সকাল ১০টা ২০ মিনিটে শিল্পাচার্য কতৃক সংগৃহীত পুতুল প্রদর্শনীর উদ্বোধন  করবেন শিল্পাচার্যের সহধর্মিণী। সকাল সাড়ে ১০টায় জয়নুল মেলা উদ্বোধন করবেন উপাচার্য। বিকেল সাড়ে ৫টায় চারুকলা অনুষদের ছাত্র-ছাত্রী ও গান-পাগল দলের পরিবেশনায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।