এবার হলিউড চলচ্চিত্রে প্রিয়াঙ্কা

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৫, ১৭:২৮
বহুমুখী প্রতিভার অধিকারী বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। অভিনয়, র‌্যাম্প, গান আর প্রযোজনা- সবই চালিয়ে যাচ্ছেন তিনি একই তালে। কিছুদিন আগেই নিজের প্রোডাকশন হাউস খুলেছেন। এবার তিনি ঘোষণা দিয়েছেন, আঞ্চলিকসহ হিন্দি সিনেমার জন্য নতুন প্রতিভা খুঁজতে কাজ করবে তার প্রোডাকশন হাউস। কথার ফাঁকেই জানালেন, হলিউডের দুটি ছবি তার হাতে রয়েছে।
 
‘বাজিরাও মাস্তানি’র এক সংবাদ সম্মেলন প্রিয়াঙ্কা বলেছিলেন, ‘পার্পল পেবল পিকচার্স নামে আমি প্রোডাকশন হাউস চালু করেছি। আমি নতুনদের সঙ্গে কাজ করতে চাই।  আমি যখন ইন্ডাস্ট্রিতে প্রবেশ করি তখন কাউকে চিনতাম না, আমার কোনও দাঁড়ানোর জায়গা ছিল না। যারা বাইরে থেকে আসে তাদের সুযোগ পাওয়া খুব কঠিন।’
 
২০১৫ সালটি প্রিয়াঙ্কার জন্য একটি সফল বছর ছিল। এবছর তার দিল ‘ধাড়াকনে দো’, ‘বাজিরাও মাস্তানি’ এবং আন্তর্জাতিক টিভি সিরিজ ‘কুয়ানটিকো’ সাফল্য পেয়েছে।
 
হলিউডের ছবি প্রসঙ্গে তিনি বলেন, ‘‘যুক্তরাষ্ট্র ও ভারতের ক্যারিয়ার ঠিক রাখতে চাওয়াতে কাজটা আমার জন্য আরও কঠিন হয়ে পড়েছে। দুটোর মধ্যে একটাকে আমি পছন্দ করতে চাই না। এই বছরে ‘কুয়ানটিকো’র বাইরে ছয়টি আকর্ষণীয় হিন্দি সিনেমা আমার হাতে রয়েছে। কিন্তু একই সময়ে আমার হাতে আরও দুটি হলিউডের সিনেমাও রয়েছে। দুর্ভাগ্যজনক হলেও সত্য সবগুলো সিনেমা হয়তো আমি করতে পারব না। তাই জানুয়ারিতে আমাকে সিদ্ধান্ত নিতে কোনটা করব আর করব না।’’ তবে ছবিটি দুটি নিয়ে বিস্তারিত কিছু তিনি বলেননি।
 
সূত্র: জি-নিউজ।