মিডিয়ার ওপর কড়াকড়ি আরোপ করা অগণতান্ত্রিক বলে জানিয়েছেন বেসরকারি সংগঠন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার।
সোমবার রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনের প্রগতি কনফারেন্স সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন সুজনের সভাপতি এম হাফিজ উদ্দিন খান, বিশিষ্ট কলামিস্ট ও সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ প্রমুখ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন পূর্ব ব্যাপক সহিংসতা ও আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় পৌর নির্বাচন সুষ্ঠু হওয়া নাগরিকদের মধ্যে এক ধরনের সংশয় তৈরি হয়েছে। এ সংশয় নিরসনে নির্বাচন কমিশন কঠোর পদক্ষেপ নেবে বলে তারা প্রত্যাশা করেন। দৃশ্যমান সহিসংতা ছাড়া অদৃশ্যমান নির্বাচনী অনিয়ম ও আচরণবিধি লঙ্ঘনের ঘটনা অনেকে ঘটেছে। পৌর নির্বাচনে সাংবাদিকদের ওপর নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সুজনের সভাপতি হাফিজ উদ্দিন আহমেদ খান বলেন, ইসির কোনো তৎপরতা দেখতে পাচ্ছি না। ইসি জরিমানা ও উকিল নোটিশ দিয়ে তাদের কাজ শেষ করছে।
গবেষক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, পৌরসভা নির্বাচন ইসির জন্য বড় পরীক্ষা। নির্বাচন কমিশন কেমন ভূমিকা পালন করে, তা দেখার অপেক্ষায় আছে দেশের মানুষ।
