সংসদীয় কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা এসেছে : স্পিকার

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৫, ১৯:২৮

 

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, অধিকতর স্বচ্ছতা ও গতিশীলতা আনতে বাংলাদেশের সংসদীয় কার্যক্রমে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে।

ব্রিটিশ পার্লামেন্টের সদস্য টিউলিপ রেজওয়ানা সিদ্দিক সোমবার সংসদ ভবনে তার সাথে সাক্ষাৎ করলে তিনি এ কথা বলেন।

এ সময় স্পিকার বাংলাদেশ জাতীয় সংসদের সংসদীয় কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, সংসদ অধিবেশন চলাকালে প্রতি বুধবার প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রিদের প্রশ্নোত্তর পর্ব এবং সংসদীয় স্থায়ী কমিটিতে সংসদ সদস্যদের সভাপতি নির্বাচনের ফলে সংসদ পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়েছে।

সাক্ষাৎকালে স্পিকার যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে জয়লাভ করে ঐতিহ্যবাহী ব্রিটিশ পার্লামেন্টে প্রতিনিধিত্ব করায় টিউলিপ সিদ্দিককে আন্তরিক অভিনন্দন জানান। তিনি ব্রিটিশ পার্লামেন্টে টিউলিপ সিদ্দিকের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং বলেন তার এ অর্জন বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের বিষয়।

ব্রিটিশ পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিক বলেন, বাংলাদেশ জাতীয় সংসদের সাথে ব্রিটিশ পার্লামেন্টের অনেক মিল রয়েছে। তিনি বাংলাদেশের সংসদীয় কার্যক্রমের প্রশংসা করেন।

তিনি আরো বলেন, বাংলাদেশ বর্তমানে উন্নয়নের রোল মডেল। অর্থনৈতিক উন্নয়ন, মানবাধিকার ও বিভিন্ন সামাজিক সূচকে বাংলাদেশ দ্রæত গতিতে এগিয়ে যাচ্ছে।

সাক্ষাৎকালে তারা দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও স্বার্থসংশি¬ষ্ট বিষয়ে আলোচনা করেন এবং ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পরে টিউলিপ রেজওয়ানা সিদ্দিক সংসদ ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।

এ সময় ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ আ.স.ম ফিরোজ ও সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুল এবং টিউলিপ সিদ্দিকের স্বামী ক্রিস পার্সি উপস্থিত ছিলেন। ফোকস বাংলা