দেশের উপজেলা পর্যায়ের হাসপাতালে জরুরি বিভাগের সেবা ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। হাসপাতালগুলোতে চিকিৎসক, নার্সসহ প্রয়োজনীয় জনবলের উপস্থিতি নিশ্চিত করতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেন তিনি।
সোমবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘তৃণমূল পর্যায়ে চিকিৎসাসেবার মান বৃদ্ধি নিয়ে করণীয়’ শীর্ষক এক বৈঠকে সভাপতির বক্তব্যে কর্মকর্তাদের এমন নির্দেশনা দেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘গ্রাম পর্যায়ে ৬ হাজারের বেশি চিকিৎসক নিয়োগ দিয়ে চিকিৎসক সংকট দূর করা হয়েছে। তারপরও উপজেলা হাসপাতালে চব্বিশ ঘণ্টা জরুরি বিভাগ চালু থাকবে না, তা হতে পারে না। গ্রামাঞ্চলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটলে সাধারণ মানুষ যেন দ্রুত জরুরি সেবা পায় তা নিশ্চিত করতে হবে। চিকিৎসক, নার্সসহ প্রয়োজনীয় জনবল যেন জরুরি বিভাগে সব সময় থাকে, তার ব্যবস্থা করতে হবে। কোনোভাবেই উপজেলা হাসপাতালে সার্বক্ষণিক জরুরি চিকিৎসা ব্যাহত হতে দেওয়া যাবে না। সরকার অবকাঠামো নির্মাণ করছে, অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে উপজেলা পর্যায়ের সব হাসপাতালকে সমৃদ্ধ করে তুলেছে।’
গ্রাম পর্যায়ে সরকার হাসপাতালের শয্যা বাড়ালেও প্রয়োজনীয় নার্সসহ তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী সংকটের কারণে রোগী সেবায় বিঘ্ন ঘটছে জানিয়ে কর্মকর্তাদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালে চিকিৎসক অনুপাতে নার্স এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে দ্রুত ব্যবস্থা নিন।’
তিনি বলেন, ‘প্রয়োজনীয় জনবল না থাকায় যেমন একদিকে মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে, তেমনি সরকারি ভবন ও আধুনিক যন্ত্রপাতিও অব্যবহৃত থেকে নষ্ট হয়ে যেতে পারে। তাই যত দ্রুত সম্ভব হাসপাতালগুলোতে জনবল বৃদ্ধি করতে হবে।’
সভায় দেশের কয়েকটি জেলায় সিভিল সার্জন পদে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে কয়েকজন চিকিৎসককে পদায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকে স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দ্বীন মো. নুরুল হকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
