নিউইয়র্কের সাংস্কৃতিক উদ্যোক্তা হিসেবে সুপরিচিত আলমগীর খান। সারাবছর ব্যাপী বাংলাদেশের শিল্পীদের ও সামাজিক উদ্যোক্তাদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করছেন তিনি দীর্ঘ প্রায় ১ যুগেরও বেশি সময় ধরে।
সেই হিসেবে নতুন বছরের প্রথম উৎসব হিসেবে নিউইয়র্কে কুইন্স প্যালেসে আয়োজন করছেন মিউজিক ও ড্রামা নাইট।
এই আয়োজনে ভুতের স্বর্গ নামের একটি নাটক স্টেজে আধুনিক আলোকসজ্জা ও নির্দেশনায় প্রদর্শিত হবে। নাটকটির রচনা ও পরিচালনা করেছেন বৃন্দাবন দাস। এছাড়া এ নাটকে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু ও শাহনাজ পারভিন খুশী। এছাড়া এই অনুষ্ঠানে নিউইয়র্কের স্থানীয় কণ্ঠশিল্পীরা পারফর্ম করবেন। লাইভ নাটকে পারফর্মের পাশাপাশি গানও গাইবেন মনপুরা খ্যাত কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবু ও চঞ্চল চৌধুরী।
এই ভিন্ন ধারার আয়োজন প্রসঙ্গে আয়োজক আলমগীর খান বলেন,‘এই তথ্য প্রযুক্তির দ্রুততার যুগে আমরা প্রতিনিয়ত নতুন নতুন আইডিয়া নিয়েই কাজ করার চেষ্টা করছি। সেই লক্ষেই ২০১৬ তে কিছু ভিন্ন আইডিয়ার অনুষ্ঠানের আয়োজনের উদ্যোগ নিয়েছি। তারই ধারাবাহিকতায় উৎসব ডট কমের ব্যানারে বছরের প্রথম অনুষ্ঠান হবে এটি। আমি এটাকে ঠিক মঞ্চ নাটক বলবো না, কারণ এটি নাটক প্রদর্শনের একটি আলাদা ফর্ম। একই সাথে প্রবাসী দর্শকেরাও একঘেয়ে অনুষ্ঠান থেকে কিছুটা রিফ্রেশ হতে পারবেন।’
