এশিয়ার সেরা ১০ নারী নির্মাতার তালিকায় রুবাইয়াত

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৫, ২১:৩২
বাংলাদেশের রুবাইয়াত হোসেন এশিয়ার সেরা ১০ নারী নির্মাতার তালিকায় স্থান পেয়েছেন। খুব বেশি কাজ না করলেও যে কয়েকটি কাজ তিনি করেছেন, সেগুলোতেই তিনি এসেছেন আলোচনায়। সর্বশেষ ২০১৫-১৬ মৌসুমের ফেসবুকের এশিয়ান সিনেমা পেজ থেকে সেরা নির্মাতা হিসেবে এই তালিকা স্থান পেয়েছেন তিনি। এই প্ল্যাটফর্মের পরিচালক ফেডারেশন অব ফিল্ম সোসাইটিস ইন্ডিয়ার সভাপতি প্রেমেন্দ্র মজুমদার।
 
রুবাইয়াত হোসেনের নতুন চলচ্চিত্র ‘আন্ডার কনস্ট্রাকশন’ মুক্তি পাবে আগামী বছরের ২২ জানুয়ারি। স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী ও বলাকাসহ বেশ কয়েকটি সিনেমা হলে চলচ্চিত্রটির মুক্তির বিষয়টি চূড়ান্ত হয়েছে। তার আগে ১৪ জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হবে এ চলচ্চিত্রের মাধ্যমে। উৎসবে ১৮ জানুয়ারি কেন্দ্রীয় গণগ্রন্থাগারে চলচ্চিত্রটি দেখা যাবে।
 
‘আন্ডার কনস্ট্রাকশন’ চলচ্চিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী শাহানা গোস্বামী ও অভিনেতা রাহুল বোস। এ ছাড়াও আছেন শাহাদাত, মিতা  চৌধুরী, তৌফিকুল ইসলাম ইমন, রিকিতা নন্দিনী শিমু প্রমুখ।
 
গত জুনে উত্তর আমেরিকার সিয়াটল চলচ্চিত্র উৎসবে ‘আন্ডার কন্সট্রাকশন’ চলচ্চিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে। এরপর আরও কয়েকটি উৎসবে অংশ নিয়েছে এটি। চলচ্চিত্রটি ফিলিপাইনের সালামিন্দানাও এশিয়ান চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্র হিসেবে জিতেছে গোল্ডেন ডুরিয়ান পুরস্কার।
 
‘আন্ডার কনস্ট্রাকশন’ রুবাইয়াতের দ্বিতীয় চলচ্চিত্র। এর আগে তিনি ‘মেহেরজান’ পরিচালনা করে আলোচনায় আসেন। সেই চলচ্চিত্রে অভিনয় করেছিলেন বলিউড অভিনেত্রী জয়া বচ্চন। এ ছাড়াও ছিলেন ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জি, বাংলাদেশের শায়না আমিন প্রমুখ।