বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, পৌর নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে আমরা বিজ্ঞাপন তৈরি করেছিলাম। কিন্তু সরকারের খবরদারিতে কোনো মিডিয়া সেটি প্রচার করতে সাহস পায়নি। সরকার মিডিয়ার ওপর নিয়ন্ত্রণ ও খবরদারি করছে। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গতকাল সোমবার কৃষকদলের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ক্ষমতাসীনরা ভেবেছিল বিএনপি নির্বাচনে আসবে না। তারা এককভাবে নির্বাচন করে জনপ্রিয়তা প্রমাণ করতে চেয়েছিল। কিন্তু তাদের পরিকল্পনা ব্যর্থ করে দিয়ে নির্বাচনে এসেছি এবং নির্বাচনের ফলাফল পর্যন্ত আমরা মাঠে থাকব। পৌর নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আমরা সরকারের ফাঁদে পা দিইনি। আমরা দেখাতে চাই বাংলাদেশের মানুষ ধানের শীষের সাথে আছে। আওয়ামী লীগকে বর্জন করেছে।
গণতন্ত্রকে নিয়ন্ত্রণ করা হচ্ছে এমন দাবি করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, আমাদের সভা-সমাবেশ করতে দেয়া হয় না। এখন বলা হচ্ছে সভা করতে হলে পুলিশের অনুমতি লাগবে। এই হলো বর্তমান গণতন্ত্র। পৌর নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির ৬ হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। কৃষকদলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন— বিএনপির যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কৃষকদলের সহ-সভাপতি এম এ তাহের, নাজিম উদ্দিন মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক তকদির হোসেন জসিম প্রমুখ।
