ইরাকের রামাদি শহরে ‘মহাকাব্যিক’ বিজয়

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৫, ০৮:৪৭
ইরাকের রামাদি শহর জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের কবল থেকে মুক্ত করার ঘোষণা দিয়েছে ইরাকি সেনাবাহিনী। দেশটির সেনাবাহিনী এই বিজয়কে মহাকাব্যিক বলে উল্লেখ করেছে।
 
রামাদিতে আইএস এর পতন এই জঙ্গি সংগঠনের জন্য বড় একটি পরাজয়। গত মে মাসে ইরাকি সেনাবাহিনীকে বিব্রত করে এই শহরের দখল নিয়েছিল তারা। রামাদির সরকারি ভবন দখল নিয়ে সেখানে আইএস এর পতাকা সরিয়ে ইরাকের পতাকা উত্তোলন করে ইরাকি সেনাদের উল্লাসে মেতে ওঠার ছবি রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত হয়। ইরাকে সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া রসুল বলেন, সেনাবাহিনী একটি মহাকাব্যিক জয় পেয়েছে। 
 
গতকাল রবিবার সরকারি ভবন থেকে আইএস যোদ্ধা ও আত্মঘাতী বোমা হামলাকারীদের সম্পূর্ণরূপে নির্মূল করে। ইরাকি অষ্টম ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ আল ফাতলাওই বলেন, আইএস সরকারি ভবন ও রাস্তায় প্রায় ৩০০ টি বিস্ফোরক স্থাপন করেছিল।
 
এদিকে ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি টেলিভিশনে দেয়া এক বক্তব্যে রামাদির নিয়ন্ত্রণ নেয়াকে মাইলফলক উল্লেখ করে বলেন, ২০১৬ সাল হবে চূড়ান্ত বিজয়ের বছর যখন আইএস জঙ্গিদের ইরাক থেকে সম্পূর্ণভাবে নির্মূল কতরা হবে। আমরা মসুলের নিয়ন্ত্রণ নিতে অগ্রসর হচ্ছি এবং এটা হবে এই জঙ্গিদের বিরুদ্ধে চূড়ান্ত আঘাত। বিবিসি।