ওজিলের নৈপুণ্যে পয়েন্ট টেবিলের শীর্ষে আর্সেনাল

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৫, ১৭:২৪
মেসুত ওজিলের নৈপুণ্যে ঘরের মাঠে বোর্নসমাউথকে ২-০ গোলে হারিয়েছে আর্সেনাল। এই জয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে গেল আর্সেন ওয়েঙ্গারের দল।
 
এমিরেটস স্টেডিয়ামে সোমবার রাতে ২৭তম মিনিটে এগিয়ে যায় আর্সেনাল। মেসুত ওজিলের কর্নারে হেডে বল জালে জড়ান গাব্রিয়েল পাউলিস্তা। গত জানুয়ারিতে আর্সেনালে যোগ দেওয়া এই ব্রাজিলিয়ান ডিফেন্ডারের এটাই লন্ডনের ক্লাবটির হয়ে প্রথম গোল। আর এ মৌসুমে ওজিলের সাহায্যে ১৬টি গোল পেল আর্সেনাল। প্রথমার্ধের বাকি সময়েও এক টানা আক্রমণ করে যায় স্বাগতিকরা, কিন্তু ব্যবধান বাড়াতে পারেনি।
 
দ্বিতীয়ার্ধের ৬৩তম মিনিটে ওজিল নিজেই ব্যবধান দ্বিগুণ করেন। ফরাসি স্ট্রাইকার অলিভিয়ে জিরুদের সঙ্গে বল দেওয়া নেওয়া করে ডান পায়ের কোনাকুনি শটে জয় নিশ্চিত করা গোলটি করেন এই জার্মান মিডফিল্ডার। এ জয়ে আপাতত শীর্ষে ওঠা আর্সেনালের পয়েন্ট ১৯ ম্যাচে ৩৯। এক ম্যাচ কম খেলা লেস্টার সিটি ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। গত ম্যাচে লিভারপুলের বিপক্ষে হারা লেস্টার আজ রাতে দুর্দান্ত ফর্মে থাকা ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে। গোল.কম।