যাজকদের হুমকির বিষয়ে খ্রিস্টান দাতব্য সংস্থাগুলোর উদ্বেগ

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৫, ১৩:৫২
বাংলাদেশে ধর্মযাজকদের উপর হত্যার হুমকির বিষয়ে বেশ কয়েকটি আন্তর্জাতিক খ্রিস্টান দাতব্য সংস্থা উদ্বেগ প্রকাশ করেছে। সহিষ্ণুতার দেশ বলে পরিচিত বাংলাদেশে এটি সম্পূর্ণ নতুন বিষয় বলে বলে উল্লেখ করেছেন তারা। 
 
মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেট বাংলাদেশ ভ্রমণ বিদেশীদের জন্য নিরাপদ নয় বলে ঘোষণা করেছে। এছাড়া খ্রিস্ট ধর্মাবলম্বীদের জন্য পরিচালিত আন্তর্জাতিক দাতব্য সংস্থা বার্নাবাস ফান্ড, ওপেন ডোর ইউএসএ, এবং ভয়েস অব দ্য মারটায়ার্স জানিয়েছে বাংলাদেশে ইসলামি জঙ্গিদের প্ররোচনায় সংখ্যালঘু হিন্দু ও খ্রিস্টানদের উপর আক্রমণ আকস্মিকভাবে বৃদ্ধি পেয়েছে। এশিয়ান একসেস এর নোয়ের বেচেটি বলেন, বাংলাদেশে সংখ্যালঘু ধর্মীয় নেতাদের হুমকি দিয়ে বলা হচ্ছে শেষবারের মতো পছন্দের খাবার খেয়ে নাও, তোমাকে আমরা পাঁচদিনের মধ্যে হত্যা করবো। 
 
ধর্মীয় সহিষ্ণুতার জন্য পরিচিত বাংলাদেশে এমনটা সম্পূর্ণ নতুন একটা বিষয় উল্লেখ করে তিনি বলেন, ঐতিহাসিকভাবে বাংলাদেশ সহিষ্ণুতার জন্য পরিচিত। বাংলাদেশে এটা সম্পূর্ণ নতুন একটা বিষয়। এই তৎপরতার সঙ্গে ইসলামিক স্টেটের মিল রয়েছে। তবে এই মানবাধিকার কর্মী মনে করেন না যে যারা এসব করছে তারা আইএস সদস্য, বরং তারা আইএসকে অনুকরণ করার চেষ্টা করছে। বেচেটি বলেন, মনে হচ্ছে যে বাংলাদেশে কেউ আইএসকে অনুকরণ করার চেষ্টা করছে। সরকার সংখ্যালঘু খ্রিস্টানদের নিরাপত্তা নিশ্চিত করতে সচেতন উল্লেখ করে তিনি বলেন, সরকার এই বিষয়ে সম্পুর্ণ সচেতন। এই হুমকিগুলোর বিষয়ে অবশ্যই সরকার খুশি নয়। 
 
বার্নাবাস ফান্ড পরিষ্কারভাবে জানিয়েছে, এই হুমকিগুলোর পেছনে রয়েছে জেএমবি সদস্য ও ইসলামিক স্টেট সমর্থকরা। তাদের এজেন্ডাটা পরিষ্কার, তারা বাংলাদেশকে ইসলামি শরিয়া আইন অনুযায়ী পরিচালনা করতে চায়। যদিও বাংলাদেশের আইন ব্যবস্থার কারণে এটি বিশে^র অন্যতম সহিষ্ণু মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ তারপরেও বেশকিছু ইসলামিক গোষ্ঠী সবকিছুতে ইসলামিকরণের চেষ্টা করে যাচ্ছে। আর এই জন্য ৯০ শতাংশ মুসলিমের দেশে মাত্র ১ শতাংশ খ্র্রিস্টানদের নিরাপত্তা হুমকির মধ্যে রয়েছে। 
 
তবে বাংলাদেশিরা এই বিষয়ে সতর্ক রয়েছে বলে মনে করেন এশিয়ান একসেসের নোয়ের বেচেটি। তিনি বলেন, মানুষ চায়না তাদের জীবন থেমে যাক। তারা জঙ্গিদের আদর্শকে জিততে দেবে না। মিশন নিউজ নেটওয়ার্ক।