শিশু গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপিকে (১১) নির্যাতনের মামলায় জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেন ও তার স্ত্রী নিত্য শাহাদাতের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার ওসি (তদন্ত) শফিক আহমেদ এই অভিযোপত্র দাখিল করেন।
শাহাদাত হোসেন ও তার স্ত্রী নিত্য শাহাদাত জামিনে আছেন। এর মধ্যে শাহাদাতকে গত ০৮ ডিসেম্বর ৩১ মার্চ পর্যন্ত জামিন দিয়েছে হাইকোর্ট। অন্যদিকে গত ০১ ডিসেম্বর এক মাসের জন্য জামিন পান নিত্য।
গত ৬ সেপ্টেম্বর গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপিকে (১১) নির্যাতনের অভিযোগে ক্রিকেটার শাহাদাত হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে মিরপুর থানায় মামলা করেন খন্দকার মোজাম্মেল হক।
চলতি বছরের ৩ অক্টোবর রাতে রাজধানীর মালিবাগে বাবার বাসা থেকে নিত্যকে গ্রেফতার করে পুলিশ। পরদিন তাকে আদালতে পাঠিয়ে রিমান্ডে নেয়ার আবেদন করে পুলিশ। আদালত তার রিমান্ড ও জামিনের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। ৫ অক্টোবর শাহাদাত হোসেন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে তাকে কারাগারে পাঠায়। পরে শাহাদাত হোসেনকে তিন দিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড শেষে আদালতের আদেশে কারাগারে পাঠায় পুলিশ। পরে দুইজনই জামিন পান।
