ঢাবিতে ‘বিশ্ব চলচ্চিত্র প্রদর্শন দিবস ২০১৫' পালিত

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৫, ১৪:৪৮
ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে টি,এস,সির উন্মুক্ত প্রাঙ্গণে পালিত হলো 'বিশ্ব চলচ্চিত্র প্রদর্শন দিবস ২০১৫'। ২৮ ডিসেম্বর ‘বিশ্ব চলচ্চিত্র প্রদর্শন দিবস ২০১৫' কে কেন্দ্র করে সন্ধ্যা ছয়টা থেকে শুরু হওয়া এই আয়োজনে চারটি  চলচ্চিত্র  প্রদর্শিত হয়।
 
এছাড়া শুরুতেই ছিল ১৮৯৫ সালে নির্মিত ল্যুমিয়ের ব্রাদার্সের  চলচ্চিত্র ‘অ্যারাইভ্যাল অব অ্যা ট্রেন অ্যাট লা সিয়োতা’।  তারপর একে একে প্রদর্শিত হয় জর্জ ম্যালিয়ে'র ‘অ্যা ট্রিপ টু দ্য মুন’(১৯০২), সত্যজিৎ রায়ের ‘চিড়িয়াখানা’(১৯৬৭) এবং সবশেষে প্রদর্শিত হয় মার্টিন স্করসিসের ‘হুগো’(২০১১) চলচ্চিত্র ।
 
উন্মুক্ত  চলচ্চিত্র প্রদর্শনী উপলক্ষে সন্ধ্যা থেকেই টি,এস,সি উন্মুক্ত প্রাঙ্গণে বিভিন্ন শ্রেণী পেশার  চলচ্চিত্র প্রেমীদের উপস্থিত ছিল চোখে পড়ার মত। আয়োজকদের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়  চলচ্চিত্র সংসদ এর সাধারণ সম্পাদক শেখ আসাদুল্লাহ চিশতী কানন বলেন, ‘উন্মুক্ত প্রদর্শনীতে চলচ্চিত্র প্রেমীদের আগ্রহ আমাদের আশান্বিত করেছে। ভবিষ্যতে এই দিনটিকে আরও বড় পরিসরে আয়োজন করার প্রত্যাশা করছি।’
 
প্রদর্শনীটি  সঞ্চালনা করেন  চলচ্চিত্র সংসদকর্মী অনিক কান্তি সরকার এবং আব্দুন নুর শিমুল।
 
১৮৯৫ সালের ২৮ ডিসেম্বর প্রদর্শিত হয়েছিল ল্যুমিয়ের ব্রাদার্সের 'অ্যারাইভ্যাল অব অ্যা ট্রেন অ্যাট  লা সিয়োতা'। এদিনেই হয়েছিল বিশ্বের প্রথম চলচ্চিত্র  প্রদর্শনী। আর মাত্র ৫০ সেকেন্ডের এই চলচ্চিত্রটিই হলো বিশ্বের সর্বপ্রথম চলচ্চিত্র।