তেলের ড্রামে কোকেন: দুই আসামির জামিন আপিলে স্থগিত

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৫, ১৫:০১
 
চট্টগ্রাম বন্দরে তেলের ড্রামে কোকেন পাওয়ার ঘটনায় দায়েরকৃত মামলার দুই আসামিকে হাইকোর্টের দেয়া জামিন আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ। মঙ্গলবার রাষ্ট্রপক্ষের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি মোহম্মদ ইমান আলি ছয় সপ্তাহের জন্য এই জামিন আদেশ স্থগিত করেন। 
 
গত ৬ ডিসেম্বর হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এই মাদক আইনের দায়েরকৃত মামলার অভিযোগপত্রভুক্ত আসামি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান মণ্ডল গ্রুপের বাণিজ্যিক নির্বাহী আতিকুর রহমান ও আবাসন ব্যবসায়ী মোস্তাফা কামালকে ছয় মাসের জামিন দেয়। হাইকোর্টের জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
 
আবেদনের পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও আসামিদের পক্ষে অ্যাডভোকেট এস এম মুনীর শুনানি করেন। শুনানি শেষে আপিল বিভাগ জামিন আদেশ স্থগিত করে। 
 
গত ৬ জুন পুলিশের দেয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম বন্দরের তেলের ড্রামে কোকেন চালান আটক করে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। ২৭ জুন চট্টগ্রাম বন্দর থানায় আটজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। ঐ মামলার দুই আসামি আতিকুর রহমান ও মোস্তাফা কামাল। বর্তমানে তারা কারাগারে আছেন।