যারা একাত্তরের যুদ্ধাপরাধ অস্বীকার করছেন তারা ‘ইতিহাস হত্যাচেষ্টার’ অপরাধ করছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
সচিবালয়ে মঙ্গলবার ‘৭১-এর যুদ্ধশিশু-অবিদিত ইতিহাস’ বইয়ের মোড়ক উন্মোচন করে তিনি এই মন্তব্য করেন।
মুস্তফা চৌধুরী সংকলিত বইটি প্রকাশ করেছে ঢাকার অ্যাকাডেমিক প্রেস অ্যান্ড পাবলিশার্স লাইব্রেরি। বাংলাদেশের সব সরকারি-বেসরকারি অফিস, পাঠাগার, শিক্ষা প্রতিষ্ঠান ও গবেষণা সংস্থায় বইটি সংরক্ষণের ব্যবস্থা নিতে তথ্যমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন মুস্তফা চৌধুরী।
তথ্যমন্ত্রী বলেন, বহুদিন পরে হলেও মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনী ও রাজাকারদের নারী নির্যাতন ও যুদ্ধাপরাধের বিচার চলছে। যুদ্ধশিশুদের ওপর গবেষণালব্ধ এ গ্রন্থটি সেই নির্যাতন ও যুদ্ধাপরাধের সাক্ষ্য বহন করছে। যারা তা অস্বীকার করছেন তারা যুদ্ধাপরাধীদের বাঁচানো এবং ইতিহাস অস্বীকার করা- এই দুই অপরাধের দায়ে অভিযুক্ত।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধশিশুদের লালন-পালনে ‘পরিত্যক্ত শিশু আইন’ প্রণয়ন করে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
যুদ্ধশিশুদের দত্তক নিয়ে লালন-পালনের জন্য কানাডীয় পরিবারগুলোর প্রশংসা করেন তিনি।
