ইসির চাহিদামতোই কাজ করবে আইনশৃঙ্খলা বাহিনী : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৫, ২০:০৩

 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পৌরসভা নির্বাচনে ইসি যেভাবে যে জায়গায় চাইবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেভাবেই কাজ করবে।

 

মঙ্গলবার বিকেলে সচিবালয়ে বিশ্ব ইজতেমা নিয়ে এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কাছে তিনি এক কথা বলেন।

 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, বুধবার পৌরসভা নির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই। নির্বাচন কমিশন যেভাবে যে জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চাইবে, তারা সেসব জায়গায় সেভাবেই কাজ করবেন। গাজীপুরের টঙ্গীতে ৮-১০ জানুয়ারি প্রথম পর্বে এবং ১৫-১৭ জানুয়ারি দ্বিতীয় পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। ইজতেমা স্থলে নাশকতা রোধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকবে। আগামী ৪ জানুয়ারি মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল ইজতেমা স্থল পরিদর্শন করবে।

 

প্রসঙ্গত, অবাধ,সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য ইতোমধ্যে নিরাপত্তা চাদরে ঢাকা পড়েছে দেশের ২৩৪টি পৌরসভা এলাকা। বুধবার  অনুষ্ঠেয় পৌরসভা নির্বাচন উপলক্ষে নিñিদ্র নিরাপত্তা নিশ্চিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র‌্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড ও আনসার মিলিয়ে প্রায় সোয়া লাখ ফোর্স মোতায়েন করা হয়েছে এ নির্বাচনে।