ভারতের সুপরিচিত সফটওয়্যার নির্মাণকারী প্রতিষ্ঠান ইনফোসিসের এক কর্মীকে ধর্ষণের ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত একজনের বিরুদ্ধে ধর্ষণ ও অপরজনের বিরুদ্ধে পুরো ঘটনাটি ভিডিও করার অভিযোগ এনেছে পুলিশ।
ভারতের পশ্চিমাঞ্চলীয় মহারাষ্ট্র প্রদেশের পুনেতে গত রবিবার এই ধর্ষণের ঘটনা ঘটে। গ্রেফতার দুজনেরই বয়স ২০ এর কোঠায়। ইনফোসিসের মতো স্বনামধন্য প্রতিষ্ঠানে এমন ঘটনা ভারতেজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
পুনে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, 'ধর্ষণের শিকার ওই নারী প্রতিষ্ঠানটির ক্যান্টিনে ক্যাশিয়ার হিসেবে কাজ করতেন। সন্ধ্যার দিকে ওয়াশরুমে গেলে একজন তাকে ধর্ষণ করে। এসময় তার সহযোগী অপর ব্যক্তি ধর্ষণের দৃশ্যটি ভিডিও করেন। ঘটনায় যুক্ত একজন ওই একই ক্যান্টিনের ক্লিনার ও অপরজন ওয়েটার হিসেবে কাজ করতেন। সূত্র: এনডিটিভি
