ব্যাংকে চাকরির আবেদনের সঙ্গে ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার আকারে কোনো প্রকার ফি না নিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার এক সার্কুলার জারি করে ব্যাংকগুলোকে এ নির্দেশনা দেয়া হয়েছে। এর আগে ২০১০ সালের নভেম্বরেও সার্কুলার জারি করে এ ধরনের ফি না নেয়ার জন্য অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ ব্যাংক।
তবে কেন্দ্রীয় ব্যাংকের ওই অনুরোধ উপেক্ষা করে বেশিরভাগ ব্যাংক চাকরি প্রার্থীদের কাছ থেকে ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার নিচ্ছে বলে বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক নতুন করে এই নিষেধাজ্ঞা জারি করে।
সার্কুলারে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের উদ্দেশে বলা হয়, ব্যাংকে চাকরির জন্য আবেদনের সময় পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট আকারে ফি দেয়া তরুণ চাকরি প্রার্থীদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য। এর আগেও ২০১০ সালে এক সার্কুলারে ফি আদায় না করার বিষয়টি বিবেচনা করার জন্য আপনাদের অনুরোধ করা হয়েছিল।
কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু কিছু ব্যাংক চাকরিতে নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীদের কাছ থেকে পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট আকারে ফি আদায় করছে।
ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার নেয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়ে ওই সার্কুলারে বলা হয়, এখন এই মর্মে সিদ্ধান্ত হয়েছে যে, ব্যাংকের চাকরিতে আবেদনের সময় আবেদনকারীর থেকে পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট আকারে কোনো প্রকার ফি আদায় করা যাবে না।
