যুক্তরাষ্ট্রের মিসৌরি রাজ্যে বন্যা, নিহত ১৩

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৫, ১৫:৩০
চারদিনের টানা ঝড়বৃষ্টিতে নদীর পানি উপচে যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে ব্যাপক বন্য দেখা দিয়েছে। বন্যার কারণে এ পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 
 
বন্যার ফলে মঙ্গলবার অঙ্গরাজ্যটির কয়েকশ বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। কয়েকশ সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং বাড়তে থাকা পানির কারণে মিসিসিপি নদীতে জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। এক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। ঝড়ো আবহাওয়ায় দেশটির দক্ষিণপশ্চিম অঞ্চল থেকে মধ্যাঞ্চল হয়ে উত্তরাঞ্চল পর্যন্ত একের পর এক প্রাণঘাতী টর্নেডো তৈরি হচ্ছে। গেল সপ্তায় বড়দিনের ছুটি চলাকালে যুক্তরাষ্ট্র জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় অন্ততপক্ষে ৪০ জনের মৃত্যু হয়েছে। 
 
IMG0
 
শনিবার থেকে মিসৌরিতে প্রবল বৃষ্টি হচ্ছে। বুধবার থেকে শনিবারের মধ্যে রাজ্যের প্রধান নদীগুলোর পানি রেকর্ড উচ্চতায় পৌঁছে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে। অ্যাকুওয়েদার ডটকমে জ্যেষ্ঠ আবহাওয়াবিদ অ্যালেক্স সোসনোওস্কি বলেন, মিসিসিপি নদীর মধ্যাঞ্চল ও এর উপ ও শাখা নদীগুলোতে বন্যার পানি এমন উচ্চতায় পৌঁছে যেতে পারে যা শীতের মাসগুলোতে ১৮০০ শতাব্দীর মাঝামাঝি থেকে সংরক্ষিত রেকর্ডের পর থেকে দেখা যায়নি। 
 
রাজ্যের যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সড়ক মুখী গাড়িগুলোকে অন্য পথে চালিত করার জন্য মিসৌরির গভর্নর জে নিক্সন ন্যাশনাল গার্ড তলব করেছেন। বন্যা কবলিত এলাকাগুলোতে গাড়ি না চালাতে চালকদের পরামর্শ দিয়েছেন তিনি। কারণ বন্যার পানিতে গাড়ি চালানোর সময় পানির তোড়ে গাড়ি ভেসে গিয়েই বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে। নিক্সন জানিয়েছেন, বন্যার কারণে মৃত আরো তিনজনের লাশ পাওয়া গেছে মঙ্গলবার। এদের নিয়ে চলতি সপ্তাহে রাজ্যটিতে মৃতের সংখ্যা ১৩ জনে পৌঁছেছে। রয়টার্স।