ধারাবাহিক নাটক 'টাকা'

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৫, ১৫:৩৫
একটা প্রবাদ প্রচলিত আছে ‘মানি ইজ দ্য সেকেন্ড গড’। আর সেই টাকাকে ঘিরেই যেন মানুষের সবকিছু। টাকাকে ঘিরেই নিত্যদিন ঘটছে কতরকমের ঘটনা। টাকার জন্যই যুদ্ধ, টাকার জন্যই আবার শান্তিচুক্তি। টাকাকে কেন্দ্র করে মানুষের জীবনে ঘটে যাওয়া বিচিত্র ঘটনাকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘টাকা’।
 
মেহেদী হাসান সজীব পরিচালিত এই ধারাবাহিক নাটকটিতে প্রায় ১২০ অভিনেতা-অভিনেত্রী অভিনয় করেছেন। নাটকটির চিত্রনাট্য লিখেছেন সুমন সরকার। সম্প্রতি অড লাইনস লিমিটেডের প্রযোজনায় দীর্ঘ এ ধারাবাহিক নাটকের চিত্র-ধারণ কাজ সম্পন্ন হয়েছে।
IMG0
তারকাসমৃদ্ধ নাটকটিতে তারেক চরিত্রে অভিনয় করছেন রওনক হাসান এবং মায়া চরিত্রে মৌসুমি হামিদ। এছাড়া শর্মিলী আহমেদ, সেরা জামান, গাজী রাকায়েত, প্রাণ রায়, পরিচালক ও অভিনেতা নরেশ ভূঁইয়া, কচি খন্দকার, মিলন ভট্টাচার্য, তানভিন সুইটি ও মাহমুদর রহমান মিঠু অভিনয় করেছেন।
 
অন্যান্য চরিত্রে রয়েছেন— সাব্বির আহমেদ, নিশো, জেরি, লিয়ানা, ইশিকা, জের্নি, পলিন, বৈদ্যনাথ, অশোক বসাক, ছন্দ, সুজন, সায়েম, মিজানুর রহমান প্রেমসহ অনেকে।
IMG1
আসছে নতুন বছরের ফেব্রুয়ারি মাস থেকে বেসরকারি টিভি চ্যানেল মাছরাঙাতে এটি প্রচার হওয়ার কথা রয়েছে। নাটকটি প্রযোজনা করেছেন তপন কুমার। এছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক-ঝাঁক শিক্ষার্থী এ নাটকে অভিনয় করেছেন।
 
মেহেদী হাসান সজীব পরিচালিত প্রথম নাটক ‘বাসন’। এটি ২০১০ সালে সেলিম আল দীনের জন্মদিনে বিটিভিতে প্রচারিত হয়। এর পর দ্বিতীয় টিভি নাটক গোলাপ মিউজিয়াম। তবে তার পরিচালনায় ‘লিভিং নিউজ পেপার ফর্মের’ টেলিফিল্মটি প্রচারের পর দর্শকের কাছ থেকে আশানুরূপ সাড়া পান।