প্রশাসনের সহায়তায় কেন্দ্র দখল: রিজভী

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৫, ১৫:৫৭
 
বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা পুলিশ ও যৌথ বাহিনী এবং প্রশাসনের সহায়তায় ভোট কেন্দ্র দখল ও কারচুপির মহা উৎসবে নেমেছে। বুধবার দুপুর ১২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। 
 
রিজভী বলেন, ১৫৭টি পৌরসভায় কোথাও আংশিক আবার কোথাও সম্পূর্ণ কেন্দ্র সরকারদলীয় ক্যাডাররা দখল করে নিয়েছে। প্রশাসনের লোকজনের সামনেই ব্যালট বাক্স ছিনতাই করে সিল মারা হয়েছে। অনেক ভোটকেন্দ্র প্রশাসনের সহায়তায় আবার কোথাও প্রশাসনের নাকের ডগায় বিএনপির এজেন্টদের বের করে দেয়া হয়েছে। অনেক জায়গায় এজেন্ট, কর্মী, সমর্থক ও প্রার্থীদের মারধর করা হয়েছে। 
 
যেসব পৌরসভা দখল, স্থগিত ও বিএনপির প্রার্থীরা প্রার্থিতা প্রত্যাহার করেছে সেসব পৌরসভায় পুনর্নির্বাচনের দাবি জানান তিনি। 
 
তিনি জানান, এ পর্যন্ত চট্টগ্রামের সাতকানিয়া, বগুড়া, লক্ষীপুর, চাঁদপুর, গফরগাঁও ভালুকা, সোনারগাঁও, বাজিতপুর, মাধবদী, ঈশ্বরদী, সাঁথিয়া, ইসলামপুর, চৌমুহনী, নাটোর, আখাউড়া, রামগঞ্জ, বোরহানউদ্দিন, দৌলতখান, সাভার, ধামরাই, মাটিডাঙ্গা, হরিনাকুণ্ড, মৌলভীবাজার, যশোর, জামালপুর, নগরকান্দা, মাগুরার বিভিন্ন কেন্দ্র আওয়ামী লীগ দখল করে নিয়েছে। বিএনপির এজেন্টদের বের করে দিচ্ছে।