বরিশালে ৩ মেয়র প্রার্থীর ভোট বর্জন

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৫, ১৬:২৪
 
বরিশালের মুলাদী পৌরসভায় বিএনপি, ইসলামী আন্দোলন ও ওয়ার্কার্স পার্টি মনোনীত তিন প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
 
বুধবার বেলা ১১টার দিকে ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা মঞ্জুর হোসেন ভোট ডাকাতির অভিযোগে বর্জন করেন। বেলা ১২টায় ওয়ার্কার্স পার্টির প্রার্থী সেলিম আহমেদ চৌকিদার তার এজেন্টদের বের করে দেয়াসহ মারধরের অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দেন। এরপর দুপুর দুইটায় বিএনপি’র প্রার্থী আসাদ মাহমুদ নেতা-কর্মীদের মারধর ও এজেন্ট বের করে দেয়ার অভিযোগে ভোট বর্জন করেন।
 
আসাদ মাহমুদ জানান, নেতা-কর্মীসহ তিনি ভোট কেন্দ্র ত্যাগ করেছেন। পরবর্তীতে উর্ধ্বতনরা বিস্তারিত জানাবেন বলে জানান তিনি।
 
এদিকে মুলাদীতে বেলা দুইটার দিকে কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা সুমন নলীর নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা মুলাদীর ১নং কেন্দ্রে প্রবেশ করতে চাইলে নৌকা প্রতীকের মেয়র প্রার্থীর ভাই শিপন হাওলাদার তাদের চলে যেতে বলে এসময় ছাত্রলীগ নেতারা তাকে মারধর শুরু করলে স্থানীয় নেতারা তাদের মারধর শুরু করে। এসময় দুইপক্ষের সংঘর্ষে সুমন নলী সহ ৩/৪ জন আহত হয়। ৭নং কেন্দ্রে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী হারুন হাওলাদারের নেতা-কর্মীরা নৌকা প্রতীকের মেয়র প্রার্থীর কর্মীদের মারধর করে।