ইরাকের গুরুত্বপূর্ণ শহর রামাদি আইএসের কাছ থেকে পুনরুদ্ধারের পর এখন অনেকের মাঝেই প্রশ্নের জন্ম দিয়েছে তাহলে কি আইএসের দিন ফুরিয়ে আসছে কিংবা দেশটি থেকে ক্রমশ ধরাশায়ী হয়ে যাচ্ছে দুর্ধর্ষ এই জঙ্গি সংগঠনটি।
বেশ কয়েক দিনের তীব্র লড়াইয়ের পর আইএসের হাত থেকে শহরটির নিয়ন্ত্রণ নেয় সরকারি বাহিনী। রামাদির পুনর্দখলকে ইরাকে আইএসের দিন শেষ হয়ে যাওয়ার দিকে ইঙ্গিত দেয় বলে মনে করা হচ্ছে। যদিও দেশটি উত্তর-পূর্বাঞ্চলে কিছু এলাকায় তারা এখনো সক্রিয় রয়েছে। সেই সঙ্গে যুদ্ধবিধ্বস্ত শহরগুলোতেও তাদের সামান্য কিছু তত্পরতা আছে।
এক্ষেত্রে আত্মঘাতী বোমা হামলার আশঙ্কার বিষয়টিও সামনে চলে এসেছে। এরকম কোণঠাসা পরিস্থিতিতে তারা আত্মঘাতী হামলা বাড়িয়ে দেয়।
তবে রামাদি পুনর্দখল করতে পারলেও মসুল এখনো আইএসের দখলে রয়েছে। এক্ষেত্রে আইএসও তাদের অস্তিত্বের জানান দিতে সব তৎপরতা চালিয়ে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। রামাদির নিয়ন্ত্রণ হারানোর পর আইএস এখন বুঝতে পারছে পরের লড়াই হবে মসুলে।
প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি আইএসকে দেশছাড়া করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। এখন দেখার বিষয় নতুন বছরে কতটুকু জঙ্গিমুক্ত হতে পারে ইরাক। সূত্র: বিবিসি
