ভাল কাজের সাথে মন্দ কিছু হবে এটাই স্বাভাবিক : সুজাত শিমূল

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৫, ০০:৪৫
অভিনেতা সুজাত শিমূল। সময়ের হাত ধরে মঞ্চ থেকে উঠে আসা এই অভিনেতা তার প্রতিভার বিকাশ ঘটিয়েছেন সব ক্ষেত্রেই। দেশের আবৃতি, মঞ্চ, নাটক, টেলিফিল্ম, বিজ্ঞাপন, চলচ্চিত্র সব অঙ্গনেই তার সমান বিচরণ। বেশ কয়েকটি নাটকের পাশাপাশি এখন তিনি একটি চলচ্চিত্রেও কাজ করছেন। তার এই সময়ের ব্যস্ততা ও মিডিয়া অঙ্গনের বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলেছেন ইত্তেফাক বিনোদন বিভাগের সাথে।
 
আপনার অভিনয়ের শুরুর কথা জানতে চাই-
 
আমি চট্রগাম বিশ্ববিদ্যালয়ের পলিটিকাল সাইন্সের ছাত্র। সেখানে আমি 'প্রমা আবৃত্তি' সংগঠনের সাথে জড়িত ছিলাম, তারপর মঞ্চে আসি।নাট্যধার নাট্যদলের হাত ধরে 'শিখণ্ডী কথা' নাটকের মাধ্যমে আমি প্রথম মঞ্চে কাজ করি। তারপর আরণ্যক নাট্যদলের মাধ্যমে ঢাকায় মঞ্চে কাজের সুযোগ পাই। আর পরবর্তীতে মামুনুর রশিদের 'চন্দ্র ফেরত' নাটকের মাধ্যমে দেশের টিভি নাটকে কাজ শুরু করি।
IMG0
আপনার অভিনীত টিভি নাটকের প্রসঙ্গে কিছু বলুন-
 
এখন পর্যন্ত  আমি প্রায় শতাধিক নাটকে কাজ করেছি। বর্তমানে আমার অভিনীত কয়েকটি নাটক বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে।  মাসুম রেজার লেখা 'বাদশা স্যারের বিবাহ' শিরোনামের ধারাবাহিক নাটকটি বিটিভিতে প্রচার হচ্ছে। আর টিভিতে রেদওয়ান রনি পরিচালিত 'ঝালমুড়ি', অনাকাংখিত সত্য ও চ্যানেল নাইনে 'বাই ফোকাল' শিরোনামের নাটকটি প্রচারিত হচ্ছে। বেশ কয়েকটি নাটকের কাজ করে যাচ্ছি। এর মধ্যে অঞ্জন আইচ পরিচালিত 'মেঘের উপর মেঘ' শিরোনামের ধারাবাহিক নাটকে কাজ করছি। এই নাটকটিতে আরও অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, নাঈম, নদীয়া প্রমুখ। এছাড়া সামনে নতুন বছর উপলক্ষে সাকি চৌধুরী পরিচালিত 'একটি অসমাপ্ত কবিতার গল্প' শিরোনামের একটি টেলিফিল্মের কাজও শেষ করেছি।
 
একজন অভিনেতা হিসেবে বর্তমানে দেশের টিভি নাটক প্রসঙ্গে আপনার অভিমত কি?
 
টিভি নাটক প্রসঙ্গে অভিমত বলতে, ভাল-খারাপ নিয়েই আসলে চলতে হয়। ভাল কাজের সাথে মন্দ কিছু হবে এটাই স্বাভাবিক। সেক্ষেত্রে আমাদের দেশের নাটকের মান যে খুব বেশি খারাপ তা আমি বলবো না।
IMG1
নাটকের পাশাপাশি আপনি একটি চলচ্চিত্রেও কাজ করছেন, এ বিষয়ে জানতে চাই-
 
ওয়াহিদ তারেক পরিচালিত 'আলগা নোঙর' শিরোনামে একটি চলচ্চিত্র কাজ করছি।চলচ্চিত্রটির সব কাজ শেষ, এই ডিসেম্বরে মুক্তির কথা থাকলেও হয়ত নতুন বছরের প্রথম দিকে চলচ্চিত্রটি মুক্তি পেতে পারে। চলচ্চিত্রটি মূলত তিন জন যুবকের কাহিনী নিয়ে নির্মিত। যেখানে আমি একজন। ফারুক ডুবুরী নামের চরিত্রে দর্শকরা আমাকে দেখতে পাবে এই চলচ্চিত্রে।চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন নওশবা, সুমন আনোয়ার, ইলোরা গহর প্রমুখ।
 
সবকিছুর পাশাপাশি আপনার মঞ্চের অভিনয়ের প্রসঙ্গে জানতে চাই-
 
মঞ্চে আমি সবসময় নিয়মিত। কেননা এটাই আমার অভিনয়ের মুল ভিত্তি। জেনে খুশি হবেন আগামী জানুয়ারি ২১ তারিখ আরণ্যক নাট্য দলের ৩টি নাটক নিয়ে কলকাতায় একটি উৎসবের আয়োজন করা হয়েছে। এখন দলের সবাই আমরা   সেই উৎসবকে সফল করার লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।
 
টিভি বিজ্ঞাপনে কাজের কি অবস্থা?
 
টিভি বিজ্ঞাপন বলতে রবি, বিকাশ ও বেশ কয়েকটি ড্রিংক্স- এর বিজ্ঞাপনে কাজ করেছি। তবে এখন খুব কম কাজ করছি বিজ্ঞাপনে। হাতে বেশ কয়েকটি কাজ তাই একটু বিরতি।