চীনের একটি জিপসাম খনিতে আটকে পড়া আট জন শ্রমিক দুর্ঘটনার পাঁচ দিন পরও জীবিত রয়েছেন। অন্ধকার খনিতে ইনফ্রারেড ক্যামেরা ব্যবহার করে উদ্ধারকারীরা তাদের জীবিত থাকার বিষয়টি জানতে পেরেছেন। খবর- বিবিসির।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, আটকে পড়া শ্রমিকদের চিহ্নিত করা গেলেও তাদের বের করে নিয়ে আসতে পারেনি উদ্ধারকারীরা। খনির ভেতর তাদের জন্য সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করা হয়েছে।
চীনের পূর্বাঞ্চলের শ্যাংডং প্রদেশের জিপসাম খনিতে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাটি এতোটাই ভয়াবহ ছিলো যে দেশটির ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রেও ধসের ঘটনাটি ধরা পড়ে। খনিটিতে থাকা নয়জনের কোন হদিস পাওয়া যায়নি। সাতজনকে উদ্ধার করা হয়েছে আর একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
