ভালো লাগছে ‘মান্না উৎসব’-এর অংশ হতে পেরে : আইরিন

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৫, ২১:১২
১জানুয়ারী বাংলাদেশ শিশু একাডেমী চত্ত্বরে অনুষ্ঠিত হবে ‘মান্না উৎসব’। আর উৎসবকে কেন্দ্র করে এফডিসি প্রাঙ্গণ এখন মুখরিত চলচ্চিত্র শিল্পীদের ভিড়ে। নবাগত চিত্রনায়িকা আইরিন সুলতানাও এখন ব্যস্ত পূর্ব প্রস্তুতি নিয়ে। উৎসবে একটি গানে পারফর্ম করবেন তরুণ এই অভিনেত্রী। মান্নার অতি পছন্দের একটি ইংরেজি গানের সাথে নাচবেন তিনি। আইরিনের সাথে নাচে আরও অংশ নেবেন চিত্রনায়ক জায়েদ খান।
IMG0
এই অনুষ্ঠানে অংশ নেওয়া প্রসঙ্গে আইরিন বলেন, ‘প্রয়াত মান্না ভাই বাংলাদেশ চলচ্চিত্রের একজন অন্যতম অভিনেতা ছিলেন। তার অকালে চলে যাওয়া চলচ্চিত্র সংশ্লিষ্ট সকলকে গভীরভাবে মর্মাহত করে। শুধু চলচ্চিত্র সংশ্লিষ্ট নয়, সিনেমা-প্রেমী কোনো মানুষই তার এই অকাল বিদায়কে মেনে নিতে পারেনি। এই আয়োজনে অংশ নিতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। মান্না উৎসব আমাদের মেলবন্ধন। আশা করছি অনুষ্ঠানটি সবার খুব ভালো লাগবে।’
 
আইরিন চলতি সময়ে ব্যস্ত আছেন তার নতুন চলচ্চিত্রগুলো নিয়ে। বেশ কয়েকটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় আছে। আইরিন অভিনীত ‘এই তুমিই সেই তুমি’ ছবিটি শিগগিরই মুক্তি পাবে। এছাড়াও এসএ হক অলিকের পরিচালনায় ‘এক পৃথিবী প্রেম’ ছবিটির শেষ অংশের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি।